আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়ালো ১৪শো

আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়ালো ১৪শো
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

মাত্র দুদিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উত্তর-পূর্বাঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

এই কম্পনের মাত্রা আগের তুলনায় কম হলেও, রোববারের ছয় মাত্রার ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই নতুন কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

রোববারের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১,৪১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আহত হয়েছেন অন্তত তিন হাজারের বেশি মানুষ। কুনার প্রদেশে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি—ধ্বংস হয়েছে প্রায় ৫,৪০০ ঘরবাড়ি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মানবিক সমন্বয়ক ইন্দ্রিকা রাতওয়াত্তে জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তার মতে, “মৃতের সংখ্যা গুণোত্তর হারে বাড়তে পারে” এবং লাখো মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিশ্ব সম্প্রদায় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাজ্য জাতিসংঘ ও রেড ক্রসের মাধ্যমে ১০ লাখ পাউন্ডের ত্রাণ সহায়তা ঘোষণা করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, তারা কাবুলে এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে এবং কুনার প্রদেশে পৌঁছেছে ১৫ টন খাদ্য সহায়তা। আরও সহায়তা পাঠানো হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ১৩০ টন জরুরি সামগ্রী এবং ১০ লাখ ইউরো আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

জাতিসংঘ ও অন্যান্য সংস্থা বলছে, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের সহযোগিতা থাকলেও, যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হতে পারে। আফগানিস্তান এমনিতেই একটি গভীর মানবিক সংকটে রয়েছে, তার ওপর নতুন করে ভূমিকম্প সেই সংকট আরও বাড়িয়ে তুলছে।


পুনরায় ভূমিকম্পের আতঙ্কে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। অনেকেই এখনো ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঠান্ডা, খাদ্যের সংকট এবং নিরাপদ আশ্রয়ের অভাব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্গতদের জীবন।