যুক্তরাষ্ট্রে মন্দিরের সাইনবোর্ডে ‘“হিন্দুস্তান মোদী মুরদাবাদ’

যুক্তরাষ্ট্রে মন্দিরের সাইনবোর্ডে ‘“হিন্দুস্তান মোদী মুরদাবাদ’
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে আবারও ধর্মীয় সহনশীলতার ওপর আঘাত। এবার গ্রিনউড সিটিতে অবস্থিত বিএপিএস স্বামিনারায়ণ হিন্দু মন্দিরে চালানো হয়েছে হামলা, যেখানে মন্দিরের মূল সাইনবোর্ডে ভাঙচুর চালিয়ে লেখা হয়েছে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবিরোধী বার্তা।

ঘটনাটি ঘটে রোববার (১০ আগস্ট) রাতে। সাইনবোর্ডে স্প্রে পেইন্টে লেখা হয়েছে, “হিন্দুস্তান মোদী মুরদাবাদ”—যা ধর্মীয় ও রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনার পর থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শিকাগোর ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে ঘটনাটিকে “গভীরভাবে নিন্দনীয়” আখ্যা দিয়ে জানায়, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কনস্যুলেটের এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে বলা হয়, “এ ধরনের হামলা শুধু ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং বহুত্ববাদী সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

এই ঘটনার মধ্য দিয়ে গত এক বছরে বিএপিএস পরিচালিত হিন্দু মন্দির চতুর্থবারের মতো হামলার শিকার হলো। মার্চ মাসে ক্যালিফোর্নিয়ায় এ ধরনের আরেকটি ঘটনার সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে “জঘন্য ও অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছিল।

বিএপিএস মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “এই হামলা আমাদের বিভ্রান্ত করতে পারবে না। বরং আমাদের ঐক্য ও সংকল্প আরও জোরালো হয়েছে। ঘৃণার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকবো।”

মার্কিন কংগ্রেসম্যান নিক লা-লোটা এক প্রতিক্রিয়ায় বলেন, “ধর্মীয় বিদ্বেষের ভিত্তিতে পরিচালিত যেকোনো অপরাধ সমাজের জন্য হুমকি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

স্থানীয় পুলিশ বিষয়টি ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে মন্দির এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সন্দেহভাজনদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

স্থানীয় মেয়র, কনসাল জেনারেল ও বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ভক্তদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।