যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার চিনলে বিমানবন্দরের সন্নিকটে দুর্ঘটনাটি ঘটে। বিমানে থাকা চার আরোহীর কেউই বেঁচে ফেরেননি বলে নিশ্চিত করেছে নাভাজো নেশন কর্তৃপক্ষ।

বিধ্বস্ত হওয়া বিমানের মডেল ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০, যা পরিচালনা করছিল নিউ মেক্সিকো-ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশন। বিমানে ছিলেন দুইজন পাইলট ও দুইজন চিকিৎসা কর্মী। তারা চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে আলবুকার্কে স্থানান্তরের জন্য রওনা দিয়েছিলেন।

কিন্তু উড্ডয়নের পরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে চিনলে বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়ার কুণ্ডলী দূর থেকেও দেখা যাচ্ছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাভাজো ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট–এর পরিচালক শেরেন সান্দোভাল জানিয়েছেন, দুর্ঘটনার সময় রোগীটি বিমানবন্দরে পৌঁছানোর আগেই প্রস্তুত অবস্থায় ছিলেন। তবে দুর্ঘটনার কারণে সেই স্থানান্তর সম্পন্ন হয়নি।

স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, “উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করছিল, কিন্তু কোনো একটি কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।”

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, চলতি বছরই এ নিয়ে দ্বিতীয়বার মেডিকেল বিমানের এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল। এর আগে জানুয়ারিতে ফিলাডেলফিয়াতে আরেকটি মেডিকেল বিমানের দুর্ঘটনায় আটজন নিহত হয়েছিলেন।