৪ হাজার সদস্য নিয়ে সলিমপুরে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, গ্রেপ্তার কয়েকজন সন্ত্রাসী

দেশজুড়ে
৪ হাজার সদস্য নিয়ে সলিমপুরে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, গ্রেপ্তার কয়েকজন সন্ত্রাসী
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৬

চট্টগ্রামের দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদে বড় ধরনের অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ অভিযানে প্রায় চার হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নিয়েছেন।

সোমবার (৯ মার্চ) ভোরের আগে থেকেই সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিয়ন্ত্রণ গ্রহণ করেন। অভিযানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

অভিযান চলাকালে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খালের ওপরের একটি কালভার্ট ভেঙে ফেলা হয় এবং আলীনগর এলাকার শুরুতে একটি বড় ট্রাক আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড তৈরি করা হয়। তবে এসব বাধা উপেক্ষা করে বাহিনীর সদস্যরা কৌশলে খাল পার হয়ে অভিযান চালাচ্ছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযান শুরুর কিছুক্ষণ পর জঙ্গল সলিমপুরের ত্রাস হিসেবে পরিচিত ইয়াসিন আলী বোরকা পরে এলাকা থেকে পালিয়ে গেছে বলে একটি সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানান, দুপুর ২টা পর্যন্ত অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুরো তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রীর বিস্তারিত তথ্য জানা সম্ভব নয়।

তিনি আরও বলেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে একটি নির্দিষ্ট কৌশল অনুযায়ী অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব-৭ এর কর্মকর্তা আবদুল মোতালেব নিহত হন। ওই ঘটনায় আরও চার র্যাব সদস্য গুরুতর আহত হন। এরপর থেকেই এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিতে রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই হত্যা মামলার কয়েকজন আসামি এই দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই সুপরিকল্পিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরের জটিল ভূপ্রকৃতি, সরু পথ এবং ঘন ঝোপঝাড়ের কারণে এখানে অভিযান চালানো সব সময়ই বড় চ্যালেঞ্জ। তারপরও সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।