ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৫

দেশজুড়ে
ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৫
নিউজ ডেস্ক
৫ মার্চ ২০২৬

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা মোড় এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত প্রায় ৮টার দিকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়াম আহম্মেদকে এবং রাত ১০টার দিকে জামিরদিয়া চেয়ারম্যান বাড়ির মোড় এলাকা থেকে আব্দুল্লাহকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া দুই আসামি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা দীপু চন্দ্র দাসের মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে একটি গাছে ঝুলিয়ে রাখার পর রশি টেনে স্লোগান দেন এবং আশপাশে থাকা লোকজনকে উত্তেজিত করেন। এছাড়া মরদেহের ওপর নির্যাতনের ঘটনাতেও তারা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিবি পুলিশের তথ্যমতে, এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন ইতোমধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এদিকে মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।