প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে আহত ৮ পুলিশ সদস্য

দেশজুড়ে
প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে আহত ৮ পুলিশ সদস্য
নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান এবং নায়েক জুয়েল মিয়া।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ লাইনস থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে একটি দল গাড়িযোগে বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।