ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫

দেশজুড়ে
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় অন্তত ১২টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখড়া গ্রামের বাবুল মোল্ল্যা ও গোলাম মোস্তফা সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় বাবুল মোল্ল্যার সমর্থক মুকুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়।

এর প্রতিবাদে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খবর পেয়ে শৈলকূপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।