মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে

জাতীয়
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে
৫ নভেম্বর ২০২৬

মোংলাকে কেন্দ্র করে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ জন্য বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মোংলাকে ঘিরে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে আগ্রহী। এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানিয়েছেন।

মতবিনিময়কালে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দিনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের নতুন ক্ষেত্র তৈরি করবে।