ন্যূনতম বেতনের দাবি

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

দেশজুড়ে
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
৪ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পদ্মার মোড় এলাকাতেও শ্রমিকদের জড়ো হয়ে সড়ক অবরোধ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে উত্তেজনা আরও বাড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন এবং ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেন আক্রান্ত হন।

পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

এদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকাতেও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সকাল থেকে চলা উত্তেজনাকর পরিস্থিতির পর বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে হেমায়েতপুর ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবি নিয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।