চাঁদপুরের ফরিদগঞ্জে বসতভিটার বাগানে কলা-সুপারি অন্যান্য গাছ কেটে ফেলা ও ফল চুরির অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে একটি বাগানে কলা ও সুপারি গাছ কেটে ফেলা, কলার কাঁদি ও অন্যান্য ফল-সবজি চুরি এবং জমির বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে কাউসার ও তাঁর পরিবারের সদস্যদের নাম উল্লেখ করেছেন ক্ষতিগ্রস্ত আবুল বাশারের পরিবার।
অভিযোগকারী আবুল বাশারের পরিবারের দাবি, গত কয়েক মাস ধরে মামলাসংক্রান্ত কারণে তাঁরা নিয়মিত বাড়িতে থাকতে পারছেন না। এই সুযোগে তাঁর হাতে লাগানো কলাগাছ থেকে প্রায় ছয়টি কলার কাঁদি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েকটি কলাগাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া অন্যান্য গাছ এবং বাগান থেকে নিয়মিত নারিকেলগাছের ডাব ও বিভিন্ন ধরনের শাকসবজি চুরি হচ্ছে বলেও অভিযোগ করেন ।
সর্বশেষ গত ২ নভেম্বর ২০২৬ তারিখে তাঁর হাতে লাগানো সুপারিগাছ, অন্যান্য কাঠ গাছ কে বা কারা ভেঙে ও কেটে রেখে গেছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে জমির চারপাশে দেওয়া নেট ও বাঁশের বেড়া ছিঁড়ে ফেলে জমি দখলের চেষ্টা চলছে বলেও দাবি করেন আবুল বাশার।
তিনি আরও অভিযোগ করেন, জমির আশপাশে প্রায় ৪০টি পরিবারের বসবাস থাকলেও এসব ঘটনায় কেউ প্রতিবাদ করেননি বা বাধা দেননি। তবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কিংবা ঘটনার স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকার সম্মানিত সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আবুল বাশার। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


