টানা বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা শিবিরে ভূমিধস, প্রাণ গেল ৫ জনের

জাতীয়
টানা বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা শিবিরে ভূমিধস, প্রাণ গেল ৫ জনের
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫-এ ভয়াবহ ভূমিধসে অন্তত পাঁচ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ক্যাম্পের ব্লক-এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের মধ্যে সৃষ্ট ভূমিধসে মেয়েদের একটি হিফজ কেন্দ্র মাটির নিচে চাপা পড়ে। দুর্ঘটনার সময় সেখানে ৩০ জনের বেশি ছাত্রী অবস্থান করছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ক্যাম্পের বাসিন্দা সাব্বির মাঝি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।