অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে সব নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ করছে।

ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎবিলের বিষয়ে তিনি বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎবিল পাওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
খাদ্য নিরাপত্তার বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি, সচেতনতা বৃদ্ধি এবং অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনাও তদন্ত করা হবে জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক হলেও বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে এ ধরনের মন্তব্যকে ভবিষ্যতে ফৌজদারি অপরাধের আওতায় আনা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে।

