ইসলামাবাদে হামলার দায় স্বীকার করলো পাকিস্তান তালেবান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির জঙ্গিগোষ্ঠী পাকিস্তান তালেবান।
স্থানীয় সময় বেলা ১২টা ৩৯ মিনিটে ইসলামাবাদের আদালত চত্বরে ঘটে যাওয়া এই হামলায় লক্ষ্য করা হয় বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের। পাকিস্তান তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের যোদ্ধারা ইসলামাবাদের বিচার বিভাগীয় কমিশনের বিরুদ্ধে হামলা চালিয়েছে। পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে যারা রায় প্রদান করেছে, তাদেরকে আমরা লক্ষ্য করেছি।”
তালেবান আরও হুঁশিয়ারি দিয়েছে যে, মুসলিমপ্রধান পাকিস্তানে ইসলামী শরিয়া আইন কার্যকর না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালানো হবে।
হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেছেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে আমাদের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়। ভারতকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।”
দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মন্তব্য করেছেন, “আজকের হামলা একটি সতর্কবার্তা। কেউ যদি মনে করেন পাকিস্তান সেনাবাহিনী কেবল সীমান্ত এলাকায় যুদ্ধ করছে, তাহলে ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলা তাদের জন্য স্পষ্ট সংকেত।”
পুলিশ ও উদ্ধারকারীরা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ইসলামাবাদে নিরাপত্তা কঠোর করা হয়েছে।


