ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প
চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে মোট আটটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বুধবার (৫ নভেম্বর) মিয়ামিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি দুই দেশের সঙ্গে শান্তিচুক্তির প্রক্রিয়ায় ছিলাম। হঠাৎ দেখি সংবাদপত্রে লেখা, তারা যুদ্ধ করছে— সাত বা আটটি বিমান ভূপাতিত হয়েছে।”
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ওই সংঘাতে “সাতটি নতুন ও সুন্দর যুদ্ধবিমান” ভূপাতিত হয়েছে। এবার তিনি আরও স্পষ্ট করে বলেন, “বাস্তবে মোট আটটি বিমান ধ্বংস হয়েছিল।”
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। নয়াদিল্লি ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে, যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
সংঘর্ষ চলাকালে পাকিস্তান দাবি করে, তারা ভারতের সাতটি যুদ্ধবিমান (যার মধ্যে তিনটি রাফায়েল) এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘাতের পর ১০ মে মার্কিন মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ট্রাম্প বলেন, “বাণিজ্য স্থগিতের হুমকিই শান্তি ফিরিয়ে আনার ৭০ শতাংশ কারণ ছিল। আমি বাণিজ্য চুক্তি বাতিলের ইঙ্গিত দিলে দুই দেশই আলোচনায় বসে। এরপর আমরা আবার বাণিজ্য শুরু করি— এটা কি দারুণ নয়?”
তিনি আরও দাবি করেন, তার প্রশাসনের নীতি শুধু ভারত-পাকিস্তান নয়, বরং আজারবাইজান-আর্মেনিয়া, থাইল্যান্ড-কম্বোডিয়া, সার্বিয়া-কসোভো, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গোর মতো দেশগুলোর মধ্যে সংঘাত প্রতিরোধেও ভূমিকা রেখেছে।
তবে ভারত সরকার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, মে মাসের যুদ্ধবিরতি তাদের নিজস্ব কূটনৈতিক প্রচেষ্টার ফল, মার্কিন মধ্যস্থতার নয়।


