মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (২ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে শনিবার আগুন লাগে। এদিন দেশজুড়ে চলছিল ‘ডে অব দ্য ডেড’ উৎসব, যেদিন মেক্সিকানরা তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে।

সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ধারণা, অধিকাংশ মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে।”

রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে ফরেনসিক রিপোর্টে উল্লেখ আছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোনোরার রেড ক্রস জানিয়েছে, অন্তত ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আগুনের আগে কোনো বিস্ফোরণ ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

শহর কর্তৃপক্ষ জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত ওয়ালডোস নামের জনপ্রিয় ডিসকাউন্ট স্টোরটি কোনো ধরনের হামলার লক্ষ্যবস্তু ছিল না। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে ধ্বংসস্তূপে আরও মরদেহ থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।