ট্রাম্প-শি বৈঠক শেষ, কী সিদ্ধান্ত হলো
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী এই বৈঠকের মধ্য দিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘদিন পর সরাসরি আলোচনা হলো।
বৈঠক শেষে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন এক বছরের বাণিজ্য চুক্তি হয়েছে। চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে নামানো হবে। তিনি বৈঠককে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে বলেন, “এটা ১০-এর মধ্যে ১২ নম্বরের বৈঠক ছিল।”
রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী এপ্রিল মাসে তিনি চীন সফর করবেন, আর পরে শি যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বৈঠককে “গঠনমূলক” বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার ফল দুই দেশের সম্পর্ককে আরও “গভীর ও স্থিতিশীল” করবে।
বৈঠক শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে গিয়ে এয়ারফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। এর মধ্য দিয়ে মালয়েশিয়া ও জাপান সফর শেষে শেষ হলো তার এবারের এশিয়া সফর।
২০১৯ সালের পর এটাই ট্রাম্প ও শি’র প্রথম শীর্ষ বৈঠক। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা প্রশমনে এটি নতুন এক সূচনা হতে পারে।


