গাজা যুদ্ধ থামাতে ট্রাম্প পরিকল্পনায় হামাসের সম্মতি: স্বাগত জানাল আট মুসলিম দেশ
গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের সম্মতির প্রতিক্রিয়ায় মিসর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া যৌথভাবে সমর্থন জানিয়েছে। দেশগুলো একে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
রোববার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “গাজার সাধারণ মানুষকে রক্ষা, মানবিক বিপর্যয় প্রতিরোধ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য এই পরিকল্পনা বাস্তব ভিত্তি তৈরি করেছে।”
বিবৃতিতে দেশগুলো ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং হামাসের সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করার দাবি জানায়। মন্ত্রীরা বলেন, “গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলে, কূটনৈতিক সমাধানের পথ খুলে যাবে।”
তারা ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের প্রশংসা করে বলেন, “বহু ব্যর্থ প্রচেষ্টার পর এই পরিকল্পনায় রয়েছে রাজনৈতিক বাস্তবতা, মানবিক দায়িত্ববোধ এবং অঞ্চলীয় সমর্থনের ভারসাম্য।”
হামাস সম্প্রতি গাজা প্রশাসন একটি স্বাধীন ও নিরপেক্ষ অন্তর্বর্তী ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। এটিকে স্বাগত জানিয়ে দেশগুলো বলেছে, “গাজা ও পশ্চিম তীরের প্রশাসনিক পুনঃএকত্রীকরণ শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
দেশগুলোর বিবৃতিতে বলা হয়:
গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধাহীন পথ নিশ্চিত করতে হবে,নাগরিকদের সুরক্ষা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধে পদক্ষেপ নিতে হবে,সমস্ত বন্দিকে মুক্তি দিতে হবে, যার মধ্যে রয়েছে নারী, শিশু ও অসুস্থ বন্দিরাও,যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রীরা একযোগে বলেন, “ইসরায়েলের গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার, শান্তিপূর্ণ সহাবস্থান ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান অসম্ভব।”


