ট্রাম্পের ‘বোমাবর্ষণ বন্ধ’ আহ্বানের পরই গাজায় ইসরায়েলের হামলা

ট্রাম্পের ‘বোমাবর্ষণ বন্ধ’ আহ্বানের পরই গাজায় ইসরায়েলের হামলা
নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৫

গাজায় চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোমাবর্ষণ বন্ধ’ আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২৬৫ জন।

শনিবার (৪ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। তারা আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। তারা গাজার প্রশাসন নিরপেক্ষ টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে রাজি হয়েছে। যদিও হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হামাস আরও জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু সেই ঘোষণার পরও ইসরায়েল হামলা বন্ধ করেনি। বরং ট্রাম্পের সরাসরি বারণের পরপরই নতুন করে হামলা চালিয়ে বহু প্রাণহানি ঘটিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতি শুধু মানবিক বিপর্যয়ই বাড়াচ্ছে না, বরং ভবিষ্যতের সম্ভাব্য শান্তি আলোচনাকেও আরও জটিল করে তুলছে।