একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে
ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যাত্রারত আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে থামিয়ে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। এতে থাকা শতাধিক কর্মী, যাদের মধ্যে সুইডেনের পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গও রয়েছেন, তাদের আটক করে ইসরায়েলের আশোদ বন্দরে নেওয়া হয়েছে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বহরের একটি নৌকা ব্যতীত বাকি সবগুলো জাহাজই থামিয়ে দেওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপদে আটক করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে ৪৪৩ জনকে আটক করা হয়েছে। ফ্লোটিলার জাহাজে অভিযান চালানোর সময় জলকামানসহ বিভিন্ন কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। যদিও ইসরায়েল দাবি করেছে, অভিযানে কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি এবং আটক ব্যক্তিরা সবাই সুস্থ রয়েছেন।
ইসরায়েল এই উদ্যোগকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে বলেছে, ফ্লোটিলা গাজার ওপর চলমান ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার অপচেষ্টা করেছে, যা তারা প্রতিহত করেছে।
আরও জানানো হয়েছে, বহরের একটি জাহাজ যান্ত্রিক সমস্যার কারণে এখনও সমুদ্রে রয়েছে, যা গাজার কাছাকাছি অবস্থান করছে। সেটি অবরোধ ভাঙার চেষ্টা করলে তৎক্ষণাৎ প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের কর্মীরা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে একত্রিত হন। তবে ইসরায়েলের দৃষ্টিতে এটি হামাসের পক্ষে রাজনৈতিক চাপ সৃষ্টি ও সামরিক কৌশলের অংশ।


