ইসরায়েলি হামলার জবাবে জরুরি আরব-ইসলামিক সম্মেলনের ডাক কাতারের

ইসরায়েলি হামলার জবাবে জরুরি আরব-ইসলামিক সম্মেলনের ডাক কাতারের
নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েল কর্তৃক হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় চালানো বিমান হামলার পরিপ্রেক্ষিতে কাতার এক জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আহ্বান করেছে। আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) ও সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ।

ইসরায়েলি হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “এই হামলা শুধু দোহায় বসবাসরত হামাস নেতাদের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “এই হামলার জবাব অবশ্যই আসবে। কাতার এখন আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনা করছে। সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ অবস্থান গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে। কাতার আঞ্চলিক নেতৃত্ব নিতে চায় এবং সেই প্রয়াসে এই সম্মেলনের আয়োজনকে ‘কৌশলগত পদক্ষেপ’ বলেই মনে করা হচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের একটি কার্যালয়ে ইসরায়েল বিমান হামলা চালায়, যেখানে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় চলছিল। এতে ছয়জন নিহত হন, যাদের মধ্যে হামাস নেতা খলিল আল-হাইয়ার পুত্র হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব হামলা থেকে বেঁচে গেছেন।

কাতার মনে করছে, ইসরায়েলের এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে সরাসরি আঘাত। প্রধানমন্ত্রী আল-থানি বলেন, “ইসরায়েলের লক্ষ্যই হচ্ছে শান্তির সম্ভাবনাকে ধ্বংস করা।”