জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জাতীয় ঐকমত্য কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাবে জামায়াত

রাজনীতি
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জাতীয় ঐকমত্য কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাবে জামায়াত
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

জাতীয় ঐকমত্য সনদকে আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান ২৩তম দিনের সংলাপের মধ্যাহ্নবিরতিতে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ঘোষণা দেন।

তিনি বলেন, “যদি এই সনদের আইনগত ভিত্তি না থাকে, তাহলে এটি বাস্তবায়নযোগ্য হবে না। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। প্রয়োজনে আমরা ক্ষতিপূরণ মামলা করব।”

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, “আমরা নিম্ন ও উচ্চকক্ষে ভোটের আনুপাতিক পদ্ধতি চাই। গত ৫৪ বছরে ভোটের নামে দেশে শুধু দখল, দূষণ আর রাতের নির্বাচন হয়েছে। এটা পরিবর্তন করতে হলে পিআর পদ্ধতি প্রবর্তন জরুরি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তার দাবি, বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে এই পদ্ধতি চালু রয়েছে, যা বাংলাদেশেও গ্রহণযোগ্য হতে পারে। “আমরা জানি, বেশিরভাগ দলও আমাদের দাবির সঙ্গে একমত। তাই আশা করি কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে,” বলেন তাহের।

তাহের আরও বলেন, “আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আইনি ভিত্তি ছাড়া এই সনদে আমরা স্বাক্ষর করব না। বাস্তবায়নের কোনো গ্যারান্টি না থাকলে এটি একধরনের রাজনৈতিক প্রহসন ছাড়া কিছুই নয়। আর জাতির সঙ্গে আমরা কোনো তামাশা হতে দেব না।”

তিনি বলেন, “উচ্চকক্ষের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। এটি হবে একটি নিয়ন্ত্রণমূলক ও ভারসাম্যমূলক স্তম্ভ, যেখান থেকে আইন প্রণয়নের কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে। নিম্নকক্ষ হবে প্রস্তাবের জায়গা, উচ্চকক্ষ হবে বিশ্লেষণ ও পর্যালোচনার জায়গা।”

জামায়াত নেতার ভাষ্য অনুযায়ী, এখন কমিশনের ওপর নির্ভর করছে তারা সনদে স্বাক্ষর করবে কি না। “আমরা চাই, এই সরকারের মেয়াদেই আইনি ভিত্তি নিশ্চিত হোক। অল্টারনেটিভ পথ আছে। উদাহরণও আছে। এখন প্রয়োজন সদিচ্ছা,”—এভাবে নিজের বক্তব্য শেষ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।