“নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা হবে: বিএনপি নেতা আমানউল্লাহ আমান”
জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান জানিয়েছেন, দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসানে নির্বাচন এগিয়ে আসছে এবং তা শিগগিরই ঘোষিত হতে পারে।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। আমরা আশাবাদী, ৪ আগস্টের পর ৪-৫ দিনের মধ্যেই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে। সেই অনুযায়ী যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হয়।”
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শফিউল বারী স্মৃতি সংসদের আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আজ দেশে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণের ঐক্য প্রয়োজন।”
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে আমান বলেন, “আমরা চাই, তারেক রহমান দ্রুত দেশে ফিরে এসে দলের নেতৃত্ব গ্রহণ করুন। তিনি এলে আন্দোলন আরও বেগবান হবে।”


