জুলাই সনদ না দিলে ইতিহাস ক্ষমা করবে না: জামায়াত আমিরের কঠোর বার্তা
জুলাই গণঅভ্যুত্থানের পর জাতির প্রত্যাশা ছিল কাঙ্ক্ষিত ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের। কিন্তু এতে বিলম্ব ও অগ্রাধিকারের অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীতে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, “জুলাই সনদ ১৮ কোটি মানুষের মুক্তির সনদ—এটি শুধু একটি দলের নয়, পুরো জাতির দাবি। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, যেটি সবচেয়ে জরুরি ছিল, সেটিকেই তলানিতে রাখা হয়েছে।”
তিনি বলেন, “ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হচ্ছে, কিন্তু জুলাই সনদের বিষয়টি নিয়ে যেন লুকোচুরি চলছে। এমন হীনমন্যতা জাতি আশা করেনি। এই সুযোগ যদি নষ্ট হয়, ইতিহাস ক্ষমা করবে না।”
ডা. শফিকুর রহমান স্বীকার করেন, রাজনৈতিক দলের নেতা হিসেবে দায়িত্ব পালনে ঘাটতি ছিল। তবে বলেন, “আমরা আন্তরিকতায় কোনো ত্রুটি রাখিনি। যারা জুলাইয়ের শহীদদের রক্তের দামে অর্জিত সুযোগ নষ্ট করছে, তারা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে।”
তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, “এই সরকার পুরোপুরি বিচার শেষ না করতে পারলেও, মূল অপরাধীদের বিচারের আওতায় এনে জনগণের আস্থার জায়গা তৈরি করতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা অন্যায় বিচার চাই না। কিন্তু যারা সত্যিকার অর্থে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার শুরু না হলে জনআস্থা আরও ক্ষুণ্ন হবে।”
অনুষ্ঠানে বক্তারা শহীদ পরিবারের দাবি ও আলেম-রাজনীতিকদের বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


