বিএনপি নেতার স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি! আবারও চক্রান্তের অভিযোগ রিজভীর

রাজনীতি
বিএনপি নেতার স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি! আবারও চক্রান্তের অভিযোগ রিজভীর
নিউজ ডেস্ক
২৫ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে চাঁদপুরের মতলব উপজেলায় বিভিন্ন ইউনিটের কমিটি বিলুপ্তির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। তার স্বাক্ষর নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনীতিতে।

এক বিবৃতিতে রিজভী জানান, “কোনো কুচক্রী মহল আমার স্বাক্ষর নকল করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের দপ্তর থেকে এ ধরনের কোনো ঘোষণাই দেওয়া হয়নি।”

তিনি নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে দলীয় ঘোষণার জন্য কেবলমাত্র অফিসিয়াল সূত্র অনুসরণ করার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভুয়া চিঠিতে বলা হয়:

“মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা, মতলব পৌরসভা এবং ছেংগারচর পৌরসভাধীন বিএনপি ও তার অঙ্গসংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল প্রভৃতি) সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।”

রিজভী দাবি করেছেন, এটি সম্পূর্ণভাবে মনগড়া ও দলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। একই সঙ্গে ভুয়া বিজ্ঞপ্তির কপি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করে সতর্কতা দেওয়া হয়েছে।

এটি প্রথম নয়—গত বছরও চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় একই ধরনের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছিল। তখনও রিজভীর স্বাক্ষর জাল করে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তির ভুয়া সংবাদ ছড়ানো হয়েছিল। সেই সময়ও তিনি প্রতিবাদ জানিয়ে ভুয়া নথির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা এই ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দলটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, এটি ডিজিটাল নিরাপত্তা আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন।

ভবিষ্যতে বিএনপির যে কোনো ঘোষণার সত্যতা যাচাইয়ের জন্য দলটির কেন্দ্রীয় দপ্তর অথবা ভেরিফায়েড পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।