দিল্লিতে ‘গণহত্যা’ নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন স্থগিত

রাজনীতি
দিল্লিতে ‘গণহত্যা’ নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন স্থগিত
নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে ‘বাংলাদেশে গণহত্যা’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও সাবেক মন্ত্রীরা।

বৃহস্পতিবার ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় দিল্লিতে ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। এটি আয়োজন করেছিল অজ্ঞাত পরিচয়ধারী একটি সংগঠন—‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ)’।

সংগঠনের পরিচিতিহীনতা এবং বিতর্কিত অবস্থান নিয়েই প্রশ্ন উঠতে থাকে। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকে এই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন ‘গুরুত্বপূর্ণ সাবেক নেতা ও মন্ত্রী’ বক্তব্য দেওয়ার কথা ছিল। তাদের মধ্যে দিল্লি সফররত সাবেক মন্ত্রী ও নেতাদের নাম ঘুরে বেড়াচ্ছিল—যেমন: ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও নওফেল।

তবে সংবাদকর্মীরা ভেন্যুতে উপস্থিত হওয়ার পরপরই আয়োজক আলী সিদ্দিকী এক বিবৃতিতে বলেন,

“ঢাকায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক জানাতে আমরা সম্মেলন স্থগিত করছি। নিহতদের সম্মানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জানা গেছে, দিল্লিতে বসবাসরত বাংলাদেশি ও ভারতীয় সাংবাদিকদের মাঝে এই আয়োজন ঘিরে আগ্রহ ছিল। তবে শেষ মুহূর্তে স্থগিত ঘোষণায় বিভ্রান্তি ও নানা প্রশ্নও তৈরি হয়েছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিতর্কিত ও স্পর্শকাতর ইস্যুতে বিদেশের মাটিতে এমন সংবাদ সম্মেলন আয়োজন চাপে পড়ে বাতিল করা হতে পারে। যদিও আয়োজকেরা এটিকে “শোকের সম্মান” হিসেবে ব্যাখ্যা করেছেন।