উত্তরার বিমান দুর্ঘটনার পর পাশে ছাত্রদল: হাসপাতালে চলছে জরুরি সহায়তা কেন্দ্র

রাজনীতি
উত্তরার বিমান দুর্ঘটনার পর পাশে ছাত্রদল: হাসপাতালে চলছে জরুরি সহায়তা কেন্দ্র
নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর আহতদের সহায়তায় সক্রিয় ভূমিকা রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুর্ঘটনার পরপরই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে তারা জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন করে, যা তৃতীয় দিনেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা হলুদ ভেস্ট পরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। তারা হাসপাতালে আসা রোগীদের স্বজনদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, এবং যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

সহায়তা কেন্দ্রে বসানো হয়েছে চেয়ারে-টেবিল, যেখানে রক্তদাতাদের নাম-তালিকা সংরক্ষণ করা হচ্ছে। হাসপাতালের প্রয়োজন অনুযায়ী সেই তালিকা থেকে রক্তদাতাদের ডেকে আনা হচ্ছে। কেউ রক্ত দিতে এলে, তাদের প্রক্রিয়ায় সাহায্য করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া আহতদের স্বজনদের জন্য সরবরাহ করা হচ্ছে ঠাণ্ডা পানি, স্যালাইন, ডাব এবং দুপুরের খাবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আকতার শুভ জানান, “দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ শুরু করি। ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকে।”

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মেডিকেল টিমের সদস্য ডা. সাইফুল আলম বাদশা বলেন, “আমরা প্রস্তুত ছিলাম। যেটা প্রয়োজন হচ্ছে, সেটা আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা করছি। আইসিইউতে যারা আছে, তাদের বিষয়ে আমাদের মেডিকেল টিম বিশেষ নজর দিচ্ছে।”

এই সহায়তা কার্যক্রমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।