আহতদের জন্য জামায়াতের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশু-শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সহানুভূতি জানিয়ে আহতদের চিকিৎসা সহায়তায় প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার এক ফেসবুক বার্তায় এই সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা এ হৃদয়বিদারক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ করেছি, ইনশাআল্লাহ।”
জামায়াত আমির আরও বলেন, এই সংকটময় মুহূর্তে দেশের চিকিৎসক সমাজ, বিশেষ করে বার্ন, ট্রমা ও শিশু বিশেষজ্ঞদের মানবিকভাবে এগিয়ে আসা প্রয়োজন। “আল্লাহ তায়ালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন,”—বলেন তিনি।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই আগুন লেগে যায় এবং বহু শিক্ষার্থী হতাহত হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু।
দেশব্যাপী এই হৃদয়বিদারক ঘটনায় রাজনৈতিক দল, সেবামূলক সংগঠন এবং নাগরিক সমাজের নানা স্তর থেকে সহমর্মিতা ও সহায়তা এগিয়ে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুধুই বিবৃতি নয়, বাস্তবসম্মত ও সংগঠিত সহায়তা দরকার। যারা অঙ্গারে পরিণত স্বজনদের শনাক্ত করতে পারছেন না, কিংবা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না, তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।


