মাইলস্টোন দুর্ঘটনায় প্রাণহানি: গভীর শোক প্রকাশ করলেন খালেদা জিয়া

রাজনীতি
মাইলস্টোন দুর্ঘটনায় প্রাণহানি: গভীর শোক প্রকাশ করলেন খালেদা জিয়া
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীসহ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা শোকাহত পরিবারগুলোকে এই দুঃসহ সময় সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।”

খালেদা জিয়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তদানে এগিয়ে আসতে হবে। মানবিকতার এই সময়ে আমরা সবাইকে সংবেদনশীল হতে হবে।”

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের তালিকায় একজন নারী শিক্ষিকা ও একজন প্রশিক্ষণরত পাইলটও রয়েছেন।

দুর্ঘটনায় আহত আরও ৭৮ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুইজন রোগী ভেন্টিলেশনে রয়েছেন।

তিনি বলেন, “আহতদের চিকিৎসায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছি। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সরকারি তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় হতাহতদের সঠিক তালিকা প্রস্তুতে স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদ্যালয় কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।