“গণতন্ত্র রুদ্ধ করতেই মিটফোর্ড হত্যাকাণ্ড”—শামসুজ্জামান দুদুর অভিযোগ

রাজনীতি
“গণতন্ত্র রুদ্ধ করতেই মিটফোর্ড হত্যাকাণ্ড”—শামসুজ্জামান দুদুর অভিযোগ
নিউজ ডেস্ক
১৪ জুলাই ২০২৫

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করতে রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী শাহরিয়ার খান আনাসের ওপর হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজকল্যাণ পরিষদের এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “মিটফোর্ডে যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই সময়ে চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা এবং খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা—সব মিলিয়ে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে, যাতে দেশে গণতন্ত্র না ফিরে আসে, নির্বাচন ঠেকানো যায়।”

তিনি আরও দাবি করেন, এসব ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে। “আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু আমরা দেখছি, প্রকৃত অপরাধীদের আড়াল করে বিএনপির নাম জড়ানো হচ্ছে, যাতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়,” বলেন দুদু।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুদু বলেন, “কিছু মহল চায় না বাংলাদেশে অবাধ নির্বাচন হোক। গণতন্ত্রের সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি ব্যাহত করতেই এই সহিংসতা। যারা সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধিতা করছেন, তারা মূলত স্বৈরাচারকে টিকিয়ে রাখতে চান।”

সভায় আরও বক্তব্য দেন—দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উন্মুক্ত গণতন্ত্র পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমী এবং সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। বক্তারা রাজনৈতিক সহিংসতা বন্ধ ও দ্রুত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।