চট্টগ্রামে যুবদল কর্মীকে মাথায় গুলি করে হত্যা

রাজনীতি
চট্টগ্রামে যুবদল কর্মীকে মাথায় গুলি করে হত্যা
নিউজ ডেস্ক
৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪২) নামে যুবদলের এক কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে কদলপুর ইউনিয়নের ইশান ভট্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে ফেরার পথে মুখোশ ও বোরকা পরা দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশায় এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত সেলিম বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এলাকাজুড়ে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,

“নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, প্রাথমিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য বা পূর্ববিরোধের বিষয়টি আমলে নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত কয়েক মাসে রাউজান এলাকায় রাজনৈতিক কর্মী খুনসহ একাধিক সহিংস ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন হত্যাকাণ্ডের আশঙ্কা বেড়েছে।