জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

রাজনীতি
জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

রাজনৈতিক বিতর্ক ও ঐতিহাসিক দায়ের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, “১৯৪৭ সাল থেকে একাত্তর ও পরবর্তী সময়সহ যতদিনে আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”

এই বক্তব্য তিনি দেন ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামক একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে।

অনুষ্ঠানে উপস্থাপক খালেদ মুহিউদ্দিন তাকে প্রশ্ন করেন—“আপনি যেদিন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়েছিলেন, সেদিন স্পষ্ট করেননি মুক্তিযুদ্ধকালীন সময়ও সেই ক্ষমার আওতায় আসে কি না। আজ কি সেটা স্পষ্ট করবেন?”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জবাবে ডা. শফিক বলেন, “আমি ব্যক্তিগত বা দলগত—সব ধরনের ভুলের জন্যই ক্ষমা চেয়েছি। শুধু একাত্তর নয়, তার আগেও, পরেও আমাদের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি তাদের কাছেও ক্ষমা প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “আমরা একটি আদর্শবাদী দল। মানুষ যেমন ভুল করে, দলও করতে পারে। আজ যা ভুল মনে হচ্ছে, ভবিষ্যতে তা সঠিকও হতে পারে। তবে আমরা স্বীকার করি—আমাদের দ্বারা মানুষ কষ্ট পেতে পারে। এজন্য আমি শর্তহীনভাবে ক্ষমা চেয়েছি।”

ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমা চাওয়ায় কোনো পরাজয় নেই, বরং এটি দায়িত্ববোধ ও মানবিকতার প্রকাশ। আমি মানবিক জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

বিশ্লেষকদের মতে, জামায়াতের এই অবস্থান দলটির অতীত কর্মকাণ্ড ও বিতর্কিত ইতিহাসের নিরিখে রাজনৈতিক কৌশল ও বাস্তবতার অংশ হতে পারে। অনেকে এটিকে দলের পুনঃস্থাপনের প্রচেষ্টা বলেও দেখছেন।