নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, ফের ফিরল প্রতীক ‘দাঁড়িপাল্লা’
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন আবারও স্বীকৃত হলো। একইসঙ্গে দলটির ঐতিহাসিক প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন কমিশনার আব্দুর রহমান মাছউদ।
তিনি বলেন,
“আদালতের রায় এবং আইনি পর্যালোচনার ভিত্তিতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ও পুনর্বহাল করা হয়েছে।”
২০১৩ সালে দলটির নিবন্ধন বাতিল করে উচ্চ আদালত। এর পর থেকে জামায়াত বিভিন্ন সময় নতুন নামে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করে, তবে আইনি জটিলতায় রাজনৈতিক ময়দানে সক্রিয়ভাবে ফিরতে পারেনি।
তবে সাম্প্রতিক সময়ে দলটির পক্ষ থেকে নতুন করে নিবন্ধন চেয়ে আবেদন করা হয় এবং এ নিয়ে একাধিক দফা শুনানি অনুষ্ঠিত হয়।
বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এ সিদ্ধান্ত নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া তৈরি করতে পারে রাজনৈতিক অঙ্গনে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে এই বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হবে।


