পল্লবীতে শিশু হত্যা মামলার রায় আগামীকাল

জাতীয়
পল্লবীতে শিশু হত্যা মামলার রায় আগামীকাল
নিউজ ডেস্ক
৬ জুন ২০২৬

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আগামীকাল রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করেন।

ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়ে রায়ের পর্যায়ে পৌঁছেছে।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্ল্যাহ দাবি করেন, বাদীপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। তাই তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে স্কুলপড়ুয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একই ভবনের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ঘটনার সময় তার স্ত্রী স্বপ্না আক্তার বাসায় উপস্থিত ছিলেন।

পরে শিশুটির বাবা দুইজনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান মাত্র পাঁচ দিনের তদন্ত শেষে গত ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই দিন দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এরপর ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। একদিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

এ মামলার রায় নিয়ে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রোববার আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটবে।