বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শক্তিশালী করতে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপ জোরদার করতে প্রতিবছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের বিষয়েও একমত হয়েছে উভয় পক্ষ।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান–এর সৌজন্য সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি অব্যাহত সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন খলিলুর রহমান, হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ।
উল্লেখ্য, হাকান ফিদান গত বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনের জন্য কক্সবাজারও সফর করেন। তার এই সফরকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন গতি সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


