বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় সড়কে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মীর শাহে আলম, মো. আবদুস সালাম, মুহাম্মদ বেলায়েত হোসেন এবং অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।
মীর শাহে আলম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ব্যর্থতার অভিযোগে তাদের বিরুদ্ধে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মামুনুল হাসান। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান।


