পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে তিনি পরিচ্ছন্নতা বজায় রেখে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৭ মে) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা বহন করে। তিনি উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ মানুষের মধ্যে দায়িত্ববোধ ও মানবকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, কোরবানির মূল শিক্ষা আত্মশুদ্ধি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারে উৎসাহ দিয়ে বলেন, এতে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে।


