হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে ৮৮ জন শিশু হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে এবং ৪৬৭ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে।
এদিকে গত একদিনে নতুন করে ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় সবচেয়ে বেশি ৩৬৬ শিশু ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন ভর্তি হয়েছে।
তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ৭২ দিনে দেশে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের শরীরে।

