জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।
অন্যদিকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদের জামাতে অংশ নেবেন।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
ঈদকে কেন্দ্র করে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের নিজ নিজ এলাকায় উপস্থিতি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদ-পরবর্তী রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


