হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১৩ শিশুর

জাতীয়
হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১৩ শিশুর
নিউজ ডেস্ক
২৩ মে ২০২৬

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি প্রাদুর্ভাবে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একজনের হাম পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছিল। বাকি ১২ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ শিশু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সামগ্রিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। বিভাগটিতে হাম ও উপসর্গজনিত কারণে এখন পর্যন্ত ২১৪ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ, যা ৩৫ হাজার ৫১৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে হাম পরিস্থিতির এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের পূর্ণ টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।