জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ করা হবে: তারেক রহমান
জনগণের দাবি ও ঐকমত্যের ভিত্তিতে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।”
পথসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “সবার আগে দেশ, আর দেশটা সবার। জনগণের ভোটে আমরা দায়িত্ব পেয়েছি, তাই মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো।”
সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, “সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে তা বাস্তবায়ন করা হবে।”
দুপুর সোয়া ১১টায় তিনি মঞ্চে উঠলে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পথসভা জনসমুদ্রে পরিণত হয়।
পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরে যান। সেখানে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমেরও সূচনা করেন তিনি।


