লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম।
জানা গেছে, শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মো. নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের বাসিন্দা ছিলেন।
বাংলাদেশ দূতাবাস বৈরুত সূত্রে জানা যায়, সোমবার স্থানীয় সময় দুপুরে নাবাতিয়েহ-এর জেবদিন এলাকায় একটি আবাসিক স্থাপনায় এই ড্রোন হামলা চালানো হয়।
ঘটনার পর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানায় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস বৈরুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পাশাপাশি দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে।
বাংলাদেশ সরকার চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল বৈরুত-এ ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন।


