৫ আগস্টের পর বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ

জাতীয়
৫ আগস্টের পর বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ
নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬

৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের আসামি করার ঘটনায় ভোগান্তির অভিযোগ উঠেছে। এসব মামলা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর আওতাধীন সব অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, যেখানে কিছু সুবিধাবাদী ব্যক্তি ভোগান্তি সৃষ্টির উদ্দেশ্যে এমন লোকজনকে আসামি করেছেন, যাদের সংশ্লিষ্টতার প্রশ্নই আসে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তার ভাষ্য, “অনেক বড় ব্যবসায়ী, স্বনামধন্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। নিরীহ মানুষ অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে আছেন।”

মন্ত্রী জানান, এ বিষয়ে আলাদা কোনো কমিটির প্রয়োজন নেই; এটি পুলিশের কাজ এবং তারাই যাচাই-বাছাই করবে। দ্রুত একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমরা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছি। সুশাসন জারি করতে হলে নিশ্চিত করতে হবে—কেউ যেন হয়রানির শিকার না হন।”

সাংবাদিকরা এ ধরনের মামলায় সাংবাদিকরা আছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “সাংবাদিকরা কি মানুষ না? আইনের শাসন সবাই পাবে।”