থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মন্ত্রী আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে তৃতীয় টার্মিনাল শিগগির চালু করা যায়। তবে এখনই নির্দিষ্ট কোনো সময় বলা সম্ভব নয়। আলোচনা ও পর্যালোচনা চলছে, যাতে দ্রুত কার্যক্রম শুরু করা যায়।
তিনি আরও বলেন, “টার্মিনাল চালুর বিষয়ে কিছু সুপারিশ ছিল, কিছু অংশ ভাঙতে হয়েছে, নেটওয়ার্ক সমস্যা ছিল। ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হলেও আগের সরকারের সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে এটি সামনে চালু করা যায়।”


