অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ১১টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ সহ ১১টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নীতিগতভাবে অনুমোদন করেছে। বৈঠকটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য:
পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন।
জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ-২০২৬ চূড়ান্ত অনুমোদন।
বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।
প্রতি বছর ২৩ মার্চকে ‘বিএনসিসি ডে’ হিসেবে ঘোষণা।
জাতিসংঘের নির্যাতন ও নিষ্ঠুর আচরণ সম্পর্কিত কনভেনশনের ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক পূর্বে দেওয়া ঘোষণা প্রত্যাহারের প্রস্তাব।
ক্যারিবিয় দেশ গায়ানায় বাংলাদেশের নতুন কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত।
২০২৫-২৮ সময়কালের জন্য আমদানি নীতি খসড়া অনুমোদন।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন-১৯৮০ এ বাংলাদেশের পক্ষভুক্তির প্রস্তাব অনুমোদন।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।
উপদেষ্টা পরিষদ জানিয়েছে, এসব পদক্ষেপ নারীর সুরক্ষা, মানবাধিকার, ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য ও নগর উন্নয়নে কাঠামোগত সংস্কার এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


