শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

জাতীয়
শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

শেরপুরে রাজনৈতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার জানিয়েছে, যেকোনো ধরনের সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এ ধরনের সহিংস ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি। এ প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ এবং নেতাকর্মীদের মধ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকার আরও জানায়, নির্বাচনকে ঘিরে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বিবৃতিতে সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় সংশ্লিষ্টদের শান্তিপূর্ণ আচরণ, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং গঠনমূলকভাবে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সরকার মনে করে, শান্ত পরিবেশ ও শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়।