আসন্ন সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব, আশাবাদী ইসি

জাতীয়
আসন্ন সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব, আশাবাদী ইসি
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা পাওয়ায় আমরা আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছি। নির্বাচনি প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনায় কমিশন প্রস্তুত।”

নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন কোনো রাজনৈতিক দলের চাপের মুখে পড়েনি। সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। নির্বাচনি পরিবেশও এখন পর্যন্ত সন্তোষজনক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে নাগরিক দায়িত্ব পালন করুন।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো অযোগ্য প্রার্থী যদি নির্বাচনে বিজয়ী হয়, পরবর্তীতে কমিশনের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়া প্রার্থীদের হলফনামা বা আয়-ব্যয়ের বিবরণীতে মিথ্যা তথ্য থাকলে তা নির্বাচন-পরবর্তী পর্যায়ে ধরা পড়লে নতুন সংযোজিত ধারা ৯১ এফ অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা যাবে।

নির্বাচন কমিশন আশা করছে, এই প্রক্রিয়ায় ভোটাররা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।