চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতিকারীর প্রবেশ নিষিদ্ধ, কঠোর ব্যবস্থা নিল সিএমপি

জাতীয়
চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতিকারীর প্রবেশ নিষিদ্ধ, কঠোর ব্যবস্থা নিল সিএমপি
নিউজ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মহানগরী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩৩০ জন দুষ্কৃতিকারীর চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, এটি অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর আগে, গত বছরের আগস্টে সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী দুষ্কৃতিকারীদের মোকাবিলায় কঠোর নির্দেশ দেন। বন্দর থানার এক উপ-পরিদর্শক (এসআই) আক্রান্ত হওয়ার পর তিনি টহল ও থানা পুলিশের কাছে বলেন, “ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বের করলে সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এরপর নভেম্বরেও অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য ব্রাস্টফায়ারের নির্দেশ দিয়েছেন কমিশনার। ওই নির্দেশে তিনি জানান, শটগান বা চায়না রাইফেল নয়, এখন এসএমজি ব্রাস্টফায়ার মোডে থাকবে এবং এ বিষয়ে সমস্ত দায় তিনি নিজে বহন করবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরী এলাকায় এই পদক্ষেপের মাধ্যমে দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা হবে এবং সাধারণ জনগণকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা জোরদার করা হবে।