হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে আজ ডিএমপির ব্রিফিং
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দাখিলের বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফিং ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই দাখিল করা হবে। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র সচিব বলেন, মামলার চার্জশিট চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে দাখিল করা হবে।
এদিকে সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হাদি হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


