গুলিস্তানের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে ভয়াবহ আগুন
রাজধানীর গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আটতলা বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে।
আগুনের সূত্রপাতের পর নিচতলার দোকানগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে তারা দ্রুত ভবনটি ত্যাগ করেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একযোগে কাজ করছে।
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ভবনটির ছাদের ওপর থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানানো হয়, এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় এবং সড়কে মানুষের ভিড় থাকায় শুরুতে পানি সংগ্রহে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


