শহীদ ওসমান হাদির মরদেহ শাহবাগে নজরুল সমাধি প্রাঙ্গণে পৌঁছালো

জাতীয়
শহীদ ওসমান হাদির মরদেহ শাহবাগে নজরুল সমাধি প্রাঙ্গণে পৌঁছালো
নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ শনিবার (২০ ডিসেম্বর) শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে পৌঁছেছে। দুপুর ৩টার দিকে মরদেহ বহনকারী গাড়ি শাহবাগের দিকে রওনা হয়।

এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারাদেশ থেকে আগত হাজারো মানুষ অংশগ্রহণে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছিল।

জানাজার পর মরদেহ দাফনের জন্য নজরুল সমাধির পাশে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে কবর খননের কাজ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রক্টরিয়াল দলের সদস্যরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দীর মর্গে নেওয়া হয়েছিল। পরে ময়নাতদন্ত শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ বহনের সময় হাদির পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।